মামলার অজ্ঞাতনামা আসামি দিয়ে গ্রেফতার বাণিজ্য করছে পুলিশ
প্রকাশ : ০২ মার্চ ২০১৪, ২৩:২১
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কোন মামলায় অজ্ঞাতনামা আসামি দিয়ে গ্রেফতার বাণিজ্য করছে পুলিশ। অবিলম্বে গ্রেফতার বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, সারাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা হচ্ছে। এ ধরনের মামলায় কয়েকজন আসামির নাম দিয়ে অজ্ঞাতনামা আরো ২-৩শ’ জন, এমনকি কয়েক হাজার আসামির কথা বলে মামলা দায়ের করছে পুলিশ। ঐ সকল মামলায় পুলিশ অজ্ঞাতনামা আসামি হিসেবে এলাকার যে কোন ব্যক্তিকে গ্রেফতার করার হুমকি দিয়ে গ্রেফতার বাণিজ্য করছে।
গতকাল রবিবার বার কাউন্সিল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খন্দকার মাহবুব এ আহবান জানান। আগাম জামিনের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে তিনি হাইকোর্টের বেঞ্চ বৃদ্ধির জন্য প্রধান বিচারপতির নিকট আবেদন জানিয়েছেন। এ সময় তিনি বলেন, বিপুল সংখ্যক লোককে আগাম জামিন দেয়ায় বিচারকদের প্রতি কেউ কেউ কটাক্ষ করছেন। হাইকোর্ট যদি আগাম জামিন দিতে এগিয়ে না আসে তাহলে পুলিশের গ্রেফতার বাণিজ্য ও হয়রানিমূলক নির্যাতনের পথ আরো উন্মুক্ত হবে বলেও তিনি জানান। খন্দকার মাহবুব দাবি করেন, তদন্তশেষ কিংবা গ্রেফতারি পরোয়ানা জারি ব্যতীত যেন কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করে হয়রানি ও নির্যাতন না করা হয়।
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে এ পর্যন্ত সাত লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।