এসএনসি লাভালিনের বিরুদ্ধে আবারো ঘুষ প্রদানের অভিযোগ

বহুল আলোচিত কানাডিয়ান নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বিরুদ্ধে আবারো ঘুষ প্রদানের অভিযোগ ওঠেছে। এবার সেতুর সংস্কার কাজের চুক্তি পেতে প্রতিষ্ঠানটি দেড় মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে বলে জানিয়েছে রেডিও কানাডা। রেডিও কানাডার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ইনকোয়েস্ট’ জানিয়েছে, ২০০০ সালে ফেডারেল ব্রিজ করপোরেশনের তত্কালীন প্রধান মাইকেল ফরনিয়ার দেড় মিলিয়ন ডলার ঘুষের বিনিময়ে ১২৫ মিলিয়ন ডলারের সেতু সংস্কার কাজের চুক্তিটি এসএনসি লাভালিনকে দেয়। কুইবেক ও অন্টারিওর আরো পাঁচটি বৃহত্ সেতুর পরিচালনার দায়িত্বে নিয়োজিত ফেডারেল ব্রিজ করপোরেশন। ঘুষ নিয়ে মাইকেল ফরনিয়ার কুইবেকের জ্যাক কার্টলার ব্রিজের সংস্কার কাজের জন্য এসএনসি লাভালিনকে মনোনীত করে। সেতু সংস্কারের কাজ শুরু হওয়ার পর মাইকেল ফরনিয়ারের সুইস ব্যাংকের একাউন্টে একটি বাণিজ্যিক এজেন্সির মাধ্যমে নিয়মিত অর্থ জমা হতে শুরু করে। ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত এভাবে মোট দেড় মিলিয়ন ডলার জমা হয়েছে বলে রেডিও কানাডার অনুসন্ধানে বের হয়ে এসেছে। প্রসঙ্গত, বাংলাদেশের পদ্মাসেতুর কাজ পেতে ঘুষ দেয়ার অভিযোগে টরন্টোর আদালতে এসএনসি লাভালিনের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।