নোয়াখালীতে আহত গ্রাম পুলিশের মৃত্যু
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২০:৫৩
নোয়াখালীর সোনাইমুড়িতে উপজেলা নির্বাচনে সহিংসতায় আহত গ্রাম পুলিশ সদস্য জামাল উদ্দিন (৫২) রবিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন চলাকালে সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। হামলাকারীরা গ্রাম পুলিশ সদস্য জামাল উদ্দিনকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় জামাল উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত জামাল উদ্দিন ধন্যপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে।
ভোট কেন্দ্রে হামলার ঘটনায় গত শুক্রবার রাতে সোনাইমুড়ি থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত এক থেকে দেড়শ লোকের বিরুদ্ধে মামলা করেছে।