কচুয়ার চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর মনোনয়ন বৈধ ঘোষণা

রিট শুনানিতে কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটওয়ারীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৫ মার্চ অনুষ্ঠিতব্য কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর মনোনয়নপত্র ১৭ ফেব্রুয়ারী যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষিত হলে তিনি ২০ ফেব্রুয়ারী হাইকোর্টে আপিল করেন। শুনানিতে তার আবেদন খারিজ হয়ে গেলে ২৬ ফেব্রুয়ারী তিনি হাইকোর্টের আপিল বিভাগে রিট করেন। সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির যৌথ বেঞ্চ রিট শুনানি শেষে আইয়ুব আলী পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে।