জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাবিতে গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৩৬
জলবায়ু পরিবর্তন ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ স্টাডি এন্ড রিসোর্স ইউটিলাইজেশন’ নামে নতুন একটি গবেষণা কেন্দ্র যাত্রা শুরু করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন এবং কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের অত্যধিক মাত্রা এবং তা নিয়ন্ত্রণ নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। এ কারণেই এ বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা নানাবিধ গবেষণায় লিপ্ত রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের আওতায় এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ স্টাডি এন্ড রিসোর্স ইউটিলাইজেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রটির প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে যোগদান করেছেন।