অনিয়মের দায়ে তিন বীমা কোম্পানিকে জরিমানা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৩৬
নানা অনিয়মের দায়ে তিন বীমা কোম্পানিকে জরিমানা ও সতর্ক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে আরও দুই কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপককে সতর্ক করা হয়েছে। সম্প্রতি এসব প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় পরিদর্শন চালিয়ে বিধি বহির্ভূতভাবে বাকিতে ব্যবসা পরিচালনা, অধিক হারে কমিশন, নগদ কমিশন প্রদানসহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের বিষয়ে রবিবার আইডিআরএ কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে জরিমানা আরোপ ও সতর্ক করা হয়।
জানা গেছে, সম্প্রতি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চট্টগ্রামের চেরাগী হিল শাখা পরিদর্শনে যায় আইডিআরএর একটি প্রতিনিধি দল। পরিদর্শনে বিভিন্ন রসিদ পরীক্ষা করে নিয়ম লংঘন করে নগদে কমিশন দেয়ার প্রমাণ পায় পরিদর্শক দল। এ কারণে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির নারায়ণগঞ্জ শাখা পরিদর্শন করে সম্পূর্ণ বাকিতে ব্যবসা পরিচালনার দায়ে এক লাখ টাকা এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের খুলনা শাখায় একই ধরনের অনিয়মের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা পরিদর্শন করে কমিশন দেয়ার রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার তথ্য পায়। অপরদিকে জনতা ইন্স্যুরেন্সের মিরপুর শাখায় পরিদর্শন চালিয়ে অর্জিত নেট প্রিমিয়ামের বিপরীতে কিছু সংখ্যক কর্মকর্তাকে এক শতাংশ হারে কমিশন দেয়ার তথ্য পাওয়া গেছে। এ কারণে এ দু’টি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপককে সতর্ক করা হয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে শুনানি শেষে এসব জরিমানা আরোপ করা হয়। শুনানিতে আইডিআরএর পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল করিম, সদস্য মোঃ কুদ্দুস খান ও সিআরসির সিনিয়ির কনসালট্যান্ট এ. কে. এম. ইফতেখার আহমদ উপস্থিত ছিলেন।