শ্লীলতাহানির শিকার নারীকে নিরাপত্তাদানে হাইকোর্টের নির্দেশ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৩৮
দশম সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় লালমনিরহাটে শ্লীলতাহানির শিকার এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শ্লীলতাহানি এবং পরবর্তী ঘটনা প্রবাহ তদন্ত করে আগামী ৬ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে পুলিশের আইজি ও লালমনিরহাটের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়া ওই ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, লালমনিরহাটের পুলিশ সুপার ও সদর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করেন। দায়েরকৃত রিটে আসক তাদের নিজস্ব প্রতিবেদন তুলে ধরে। ওই প্রতিবেদনে বলা হয়, সামসুল নামে এক ব্যক্তি দশম সংসদ নির্বাচনে ভোট না দিতে ওই নারীকে হুমকি দেয়। তবে ওই নারী ভোট দেখতে কেন্দ্রে যায়। এরপর ৭ জানুয়ারি ওই নারীকে তুলে নিয়ে তার শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ওই নারী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিচার চাইলেও তারা বিচার করতে অস্বীকার করে বলে আসকের প্রতিবেদনে বলা হয়। পরে ওই নারী থানায় অভিযোগ করলে গ্রেফতারের ভয় দেখিয়ে ওসি মীমাংসার কাগজে স্বাক্ষর নেয়। এখন ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বাড়ি বিক্রি করে এলাকা ছাড়তে চাচ্ছেন। এ আবেদনের অ্যাডভোকেট এ,এম, আমিন উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।