চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কৃষক নুরুল আমিনকে সোমবার রাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে নিহতের ভাতিজা আনিসুর রহমান রুবেলকে পুলিশ আটক করেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম রাজন জানান, চাচা ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য তিনি অনেকবার চেষ্টা করেছেন এবং এই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আনিসুর রহমান রুবেলসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।