মস্কোর প্রতি জি-৮ দেশগুলোর নিন্দা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৪৮
ইউক্রেনে মস্কোর সেনাসংখ্যা বাড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে জি-৮ সদস্যভুক্ত দেশগুলো। দেশটির বর্তমান সংকট মোকাবিলায় যখন নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা নেয়া হচ্ছে ঠিক সে মুহূর্তে সংগঠনটির পক্ষ থেকে এ নিন্দা জানানো হল। এদিকে আসছে জুনে সোচিতে বিশ্বের শিল্পোন্নত ও ক্ষমতাশালী দেশগুলোর সংগঠন জি-৮ এর শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও তাতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ছাড়া অপর সাত সদস্য দেশ। রাশিয়া সংগঠনটির একটি সদস্য রাষ্ট্র। তবে ইতিমধ্যেই এ নিয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ায় রাশিয়া সেনা পাঠানোয় তারা এ বৈঠকে বসতে যাচ্ছে। ওদিকে রাশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এছাড়া মোতায়েন করা সৈন্যদের সরিয়ে নেয়ারও নির্দেশ দেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা প্রত্যাহারের বিষয়ে পশ্চিমা আহ্বান অগ্রাহ্য করে বলেন, পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ায় সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়লে নিজ স্বার্থ এবং রুশ ভাষাভাষীদের রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার আছে।