মাদ্রিদ ‘ডার্বি’ ড্র, রিয়ালের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৩৩
ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দিককার গোলে স্পানিশ লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ গত রবিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ন্যু ক্যাম্পে আলমেরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে রিয়ালের সাথে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনে।
কোচ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকোর তুলনায় এখনো তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। খেলার তৃতীয় মিনিটেই অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে বিরতির আগে কোকে এবং গাবির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও এই দুই গোলের আগে দিয়েগো কোস্তাকে ফাউল করার অপরাধে সার্জিও রামোসের বিপক্ষে পেনাল্টির আবেদন বিতর্কিতভাবে নাকচ করে দিয়েছিলেন রেফারী। দ্বিতীয়ার্ধেও আরেকটি পেনাল্টির আবেদনকে কেন্দ্র করে অ্যাথলেটিকোর সহকারী কোচ মোনো বারগোস রেফারীর সাথে বিতর্কে জড়িয়ে গেলে তাকে ডাগ আউট থেকে বের করে দেয়া হয়। কফিনে শেষ পেরেক মারার মতো ৮২ মিনিটে রোনালদো করেন সমতা ফেরানো গোলটি। তখন স্বাগতিক দর্শকরা হতাশায় ভেঙ্গে পড়ে।
কোচ অ্যানচেলত্তি খেলা শেষে বলেছেন, ‘আমি মনে করি এখানে আমরা হারানো পয়েন্ট পুনরুদ্ধার করেছি। ড্র করে পয়েন্ট পাওয়াটা সত্যিই আনন্দের। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। বিশেষ করে নিজেদের মাঠে অ্যাটলেটিকো দুর্দান্ত একটি দল। আমরা এখনো তাদের থেকে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষেই রয়েছি।’
অ্যাটলেটিকো অধিনায়ক গাবি পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করা প্রসঙ্গে বলেন, ম্যাচটি এমন একটি উন্মুক্ত অবস্থায় ছিল যেখানে উভয় দলেরই সমান সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হবার পরেও আমি অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে গর্ববোধ করি। আমরা আমাদের সমর্থকদের এতটুকু গভীরতা দিতে পেরেছি যা তাদের প্রাপ্য ছিল। আমি মনে করি এতে সকলে সন্তুষ্ট।
রিয়াল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগে জার্মান দল শালকের মাঠে ৬-১ গোলে জিতে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই এদিন মাঠে নেমেছিল। কিন্তু রোনালদোর গোলটি না পেলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো তাদের। এটি ছিল চলতি মৌসুমে পর্তুগীজ স্ট্রাইকারটির ২৩তম গোল।
বার্সেলোনা অবশ্য নিজেদের মাঠে দিনের অপর খেলায় সানচেজ, মেসি, পুয়ল এবং জাভির গোলে আলমেরিয়াকে বিধ্বস্ত করে। আট মিনিটেই সেসক ফ্যাব্রেগাসের শট আলমেরিয়া গোলরক্ষক এস্তেবান ধরতে ব্যর্থ হলে অ্যালেক্সি সানচেজ দলকে এগিয়ে দেন। ২৪ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। গত ছয় ম্যাচে এটি ছিল মেসির অষ্টম গোল। মৌসুমের হিসেবে ১৫তম। অবশ্য মেসি এ মৌসুমে একটা বড় সময় ইনজুরিতেও কাটান। ২৭ মিনিটে অ্যাঞ্জেল ট্রুজিলো আলমেরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৮৩ ও ৮৮ মিনিটে কার্লেস পুয়ল এবং জাভি স্বাগতিকদের পক্ষে আরো দুটি গোল করলে কাতালানরা বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। বাসস/এএফপি