ইতালি দল থেকে বাদ পড়লেন ডি রোসি
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৩৩
বুধবার বিশ্ব ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নস স্পেনের বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে ইতালিয়ান দল থেকে বাদ পড়েছেন ড্যানিয়েল ডি রোসি। শনিবার ইতালিয়ান সিরি-আ লীগে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বিতর্কিত ঘুষির ঘটনায় অভিযুক্ত রোমা মিডফিল্ডার ডি রোসিকে তার অপকর্মের জন্যই দল থেকে বাদ দেয়া হয়েছে। কর্ণার কিক নেবার সময় ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকারডিকে ঘুষি মেরে বিতর্কের জন্ম দেন ডি রোসি।
তবে কোচ সিজার প্রানডেলির বিবেচনায় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার সিরো ইমোবিলে এবং ডিফেন্ডার গ্যাব্রিয়েল পালেটা। এছাড়া ২০১২ সালে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের পরে প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন জেনোয়া গোলরক্ষক মাটিয়া পেরিন এবং রোমা স্ট্রাইকার মাটিয়া ডেস্ট্রো।
জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে অভিজ্ঞ জুভেন্টাসের গোলরক্ষক গিয়ালুইজি বুফন তার জায়গা ধরে রেখেছেন। তার পরে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে ডাক পেলেন পেরিন। ল্যাজিওর ফেডেরিকো মারচেত্তির বাজে ফর্মই পেরিনকে দলে জায়গা করে দিয়েছে। অন্যদিকে ইনজুরি আক্রান্ত মিলান স্ট্রাইকার মারিও বালোতেল্লি¬র জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইন-ফর্ম স্ট্রাইকার ডেস্ট্রো। ব্রাজিলে অনুষ্ঠিত সর্বশেষ কনফেডারেশন কাপে খেলার পরে অপর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলে ফিরেছেন মিলান ডিফেন্ডার মাটিয়া ডি সিজিলিও। এছাড়া ২০১৩ সালে আগস্টে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের পরে প্রানডেলির বিবেচনায় আবারো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর মিডফিল্ডার মার্কো ভেরাটি। বাসস/ এএফপি।