রা কাজলের ৩৫তম চিত্র প্রদর্শনী
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৫১
গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয় শিল্পী রা কাজলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘কন্সস্পিচুয়াল’। এটি তার ৩৫তম একক চিত্র প্রদশর্নী। ১৩ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। প্রদর্শনীর বিষয় ‘বদলে যাওয়া রাজনীতি’।
শিল্পীর জন্ম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মশাখালী গ্রামে। ছেলে বেলায় প্রকৃতি থেকে ছবি আঁকার প্রেরণা পেতেন তিনি। ডেনমার্কে পাড়ি জমিয়েছেন দীর্ঘ ২৭ বছর আগে। শিল্পী ড্যানিস-বাংলাদেশি পেন্টার হিসেবে খ্যাতি অর্জন করেছেন ডেনমার্কে। তিনি তার প্রথম প্রদর্শনীটি করেন বাংলাদেশে। প্রতিবছর আসেন দেশে। ৪৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। তার চিত্রকর্মে ফুটে উঠেছে মানুষের অবয়ব। পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কও তুলে ধরেছেন শিল্পী। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পেপার ফোল্ডিং। এর সঙ্গে সংমিশ্রণ করেছেন ক্রেয়ন, জলরঙ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত রয়েল ডেনিশ দূতাবাসের রাষ্ট্রদূত হেনে ফুল এক্সেআর। প্রদর্শনী চিত্রকর্মের ওপর আলোচনা করেন প্রখ্যাত চিত্র সমালোচক সামসুল ওয়ারেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
তৃতীয় দিনের পথনাটক উত্সব
‘পথনাটকেই লড়াই আমার/ অসাম্প্রদায়িক দেশ গড়ার স্লোগান’ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পথনাটক উত্সব। পথনাটক পরিষদ আয়োজিত এ উত্সবের তৃতীয় দিন ছিল সোমবার। পরিবেশিত হয় ছয়টি পথনাটক।
দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোত্সব : ‘শিশুবান্ধব সমাজ চাই’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে আটদিনের দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোত্সব। পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত উত্সবের তৃতীয় দিন সোমবার আরও সাতটি দলের সাতটি নাটক মঞ্চস্থ হয়। উত্সবের চতুর্থ দিন আজ মঙ্গলবার আরও সাতটি দলের সাতটি নাটক মঞ্চস্থ হবে।
ইউনিট উত্তরণের নাটক পরিক্রমা: শ্রীরামকৃষ্ণদেবের ১৭৯তম জন্মোত্সব উপলক্ষে সোমবার রামকৃষ্ণ মঠ ও মিশনে মঞ্চস্থ হয় ইউনিট উত্তরণ পরিবেশিত নাটক ‘পরিক্রমা’। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন অপূর্ব কুমার কুণ্ডু। ‘শ্রীরামকৃষ্ণদেবের সাধন জীবনের উপলব্ধি, যত মত তত পথ, নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষের জীবনের বিপুল পরিবর্তন এবং নাটক সৃজন, স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রা এবং বিশ্ব ধর্ম সম্মেলনে কালজয়ী বক্তৃতা প্রদান, মানব সেবাই পরম ধর্ম জ্ঞানে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা প্রভৃতির প্রেক্ষাপটে নাটক পরিক্রমা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সজল, সুবল, পলাশ, তাজুল, অরুনাংশু, অলক, রবিউল, জাহাঙ্গীর, রানাসহ আরো অনেকে।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার প্রদান আজ : শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৪ এর পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠান আজ। বিকাল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পদক ও সনদপত্র বিতরণ করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত : ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ স্লোগান নিয়ে চলা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ’বিতর্ক বিকাশ’ প্রতিযোগিতা শেষ হয়েছে। বসুন্ধরা সিটিতে আয়োজিত ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বিতর্ক বিকাশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কালিগঞ্জ কে.ইউ.পি পাইলট উচ্চ বিদ্যালয়।
‘কত অজানারে জানাইতে চাই’ : ধানমণ্ডির শেখ কামাল সরণির বেঙ্গল শিল্পালয়ে চলছে শিল্পী নাজমা আক্তারের ‘কত অজানারে জানাইতে চাই’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। দশদিনের এ প্রদর্শনীতে ৬১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।