বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর আজ গণশুনানি শুরু
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৫২
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) তিনদিনব্যাপী গণশুনানি শুরু হচ্ছে। বিদ্যুতের দাম গড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাঁচ কোম্পানি। নিয়ম অনুযায়ী গণশুনানির ৯০ দিনের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর কথা।
আজ গণশুনানি হবে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) প্রস্তাবিত দামের উপর। এছাড়া আগামীকাল ৫ মার্চ ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুত্ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো) এবং ৬ মার্চ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করা হবে। বিইআরসি জানায়, পিডিবি বর্তমান দামের উপর ১৫ দশমিক ৫০ শতাংশ, ডিপিডিসি ২৩ দশমিক ০৫ শতাংশ, ডেসকো ১৫ দশমিক ৯০ শতাংশ এবং আরইবি ১২ দশমিক ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ওজোপাডিকো নতুন করে আর প্রস্তাব দেয়নি। তারা গতবারের প্রস্তাবই কার্যকর করার আবেদন করেছে। গতবার ৯ দশমিক ৫৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তারা। বিইআরসি সূত্র জানিয়েছে, সবগুলো কোম্পানির গণশুনানি শেষে মূল্যায়ন কমিটির মতামত পাওয়ার পর একসঙ্গেই সব বিতরণ কোম্পানির দাম বাড়ানোর ঘোষণা দেয়া হবে।