বিল গেটস শীর্ষ ধনীর অবস্থান ফিরে পেলেন
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২২:৫৩
পুরানো সেই স্বীকৃতি আবার ফিরে পেলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ২০১৪ সালে আবার তিনি বিশ্বের সেরা ধনীর খেতাব অর্জন করলেন। এবছর তার সম্পদের পরিমাণ ৭৬ বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের চেয়ে ৯ বিলিয়ন ডলার বেশি। আর প্রথম স্থানে থাকা মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম চলে গেছেন দ্বিতীয় নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফরবেসের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
ফরবেসের জরিপ অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে ১৫ বারই শীর্ষ ধনীর তালিকায় নিজেকে স্থান করে নিয়েছেন গেটস। এ বছর বিলিয়নারের সংখ্যা ১ হাজার ৬৪৫ জন যা এ যাবতকালের রেকর্ড। আর এই তালিকায় যুক্তরাষ্ট্রেরই আছেন ৪৯২ জন। ইউরোপের ৩৬৮ এবং এশিয়ার আছে ৪৪৪ জন। তবে এবার নতুন একটি বিষয় পাওয়া গেছে। তা হলো আলজেরিয়া, লিথুনিয়া, তানজানিয়া এবং উগান্ডাতে প্রথমবারের মতো সম্পদের পরিমাণ দ্রুতগতিতে বেড়েছে। নাইজেরিয়ার নাগরিক আলিকো দ্যাংগোত আফ্রিকা মহাদেশ থেকে শীর্ষ ধনী যিনি তালিকার ২৫ নম্বরে আছেন। এবার ২০ তম স্থানে যিনি আছেন তার সম্পদের পরিমাণ ৩১ বিলিয়ন ডলার। গত বছর এই পরিমাণ ছিল ২৩ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার সম্পদের পরিমাণ ২৮ দশমিক ৫ বিলিয়ন ডলার যা আগের চেয়ে দ্বিগুন।-বিবিসি