সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে গুলি করে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ফুলতলা বাজার এলাকায়। নিহত যুবলীগ কর্মীর নাম মো: হাসান (৩৫)। সে দক্ষিণ কাঞ্চনা গুরগুরি এলাকার উলা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসান ফুলতলা বাজারে একটি ওষুধের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশাযোগে ৪/৫ জন সশস্ত্র লোক সেখানে এসে প্রথমে তাকে গুলি করে। হাসান মাটিতে লুটিয়ে পড়লে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা যুবলীগ এ হামলার জন্য শিবিরকে দায়ী করলেও শিবির হামলার দায় অস্বীকার করেছে। তবে স্থানীয়রা বলছে, দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, জড়িতদের গ্রেফতার করা হবে।