ইউসুফ আলী মৃধা কারাগারে

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা পাঁচ মামলায় পূর্বাঞ্চলীয় রেলের সাবেক মহা ব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালত এ আদেশ দেন। প্রায় দেড় বছর পলাতক থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন না-মঞ্জুর করে মৃধাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০১২ সালের ৯ এপ্রিল রাজধানীতে বিজিবির সদর দফতরে বস্তাভর্তি টাকাসহ জওয়ানদের হাতে আটক হন তিনি। এ ঘটনায় একই বছর সেপ্টেম্বরে মামলা হয়। টাকা উদ্ধারের পর রেলের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মৃধার বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশিত হয়। বিভিন্ন অভিযোগ তদন্ত শেষে মৃধাসহ রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের আসামি করে ১৩টি পৃথক মামলা দায়ের করে দুদক। এসবের মধ্যে পাঁচটি মামলায় সম্প্রতি আদালতে অভিযোগ গঠিত হয়। মামলাগুলো হচ্ছে রেলের ফুয়েল চেকার, সহকারী কেমিস্ট, টুল কিপার, টিকেট ইস্যুয়ার ও ট্রেনের নাম্বার চেকার পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি। অভিযোগ গঠনের পর আদালত মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলা দায়েরের পর থেকেই মৃধাসহ অপর আসামিরা পলাতক ছিলেন। মৃধা গতকাল আদালতে আত্মসমর্পণ করলেও বাকীরা এখনো পলাতক রয়েছেন।