টি-২০ বিশ্বকাপে বন্দরনগরীর নতুন সাজ
জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২৩:২২
টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টকে ঘিরে বন্দরনগরীকে সাজানো হচ্ছে নতুন সাজে। শোভা বর্ধনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ হতে নানা ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে। চট্টগ্রাম নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেবামূলক এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যাপক অভিযান শুরু করেছে। এই উপলক্ষে গতকাল সোমবার পরিচ্ছন্ন বিভাগের সমন্বয় সভায় নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্ন কার্যক্রম অটুট রাখার উপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম।
কেবি আবদুস ছত্তার মিলনায়তনে আয়োজিত সভায় মেয়র বলেন, আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার এক বিরল সুযোগ এসেছে। চট্টগ্রাম আন্তর্জাতিক অঙ্গনে সুনামের অধিকারী। শান্তিপূর্ণ খেলাধুলার উপযুক্ত পরিবেশ চট্টগ্রামে বিদ্যমান। ক্রিকেট বান্ধব চট্টগ্রামবাসী ক্রিকেট খেলাকে অন্তর দিয়ে ভালবাসে। চট্টগ্রাম ক্রিকেট প্রেমিকদের প্রিয় নগরী। বিশ্ববাসী ও আইসিসি কর্তৃপক্ষের মতে কলকাতা ও ঢাকার চেয়েও সুন্দর সৌন্দর্যমণ্ডিত নগরী চট্টগ্রাম। মেয়র বলেন, ১৯টি খেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ আসবে। তিনি সিটি গেইট থেকে পোর্টকানেক্টিং রোড, এয়ার পোর্ট রোড, শেখ মুজিব রোড, জাকির হোসেন রোড, সিডিএ এভিনিউ, আরাকান রোড, বায়েজিদ বোস্তামি রোড বিভিন্ন মোড় বিশেষ করে জিইসি, বাদামতলী, বিমান চত্বর, মুরাদপুর, বহাদ্দারহাট, নিউমার্কেট এলাকা, বিভিন্ন অলি উল্লাদের মাজার, স্বাধীতা পার্ক, শিশু পার্ক, সী বীচ ইত্যাদি এলাকাকে গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং পরিচ্ছন্ন কর্মীদের কাজে আন্তরিক হওয়ার পরামর্শ দেন। এতে পরিচ্ছন্ন বিভাগের কোন ধরনের গাফিলতির কারণে চট্টগ্রামবাসীর সুনাম নষ্ট হলে তা দুঃখজনক হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।