বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
চায়ের রাজধানী ঘুরে এলাম
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ১৯:২৫
ঘুরে এলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের অনুমতিক্রমে ড. রাগীব আহসান স্যার, আবুল বাশার স্যার, আর শামসুন্নাহার সূচনা ম্যাডামের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতায় সত্যিকার অর্থেই একটা সফল জার্নি করেছি আমরা ৪৪ জন বুয়েটিয়ান।
আমাদের গন্তব্য ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান আর মাধবপুর লেক। ১৯৯৭ সালে ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করা হয় লাউয়াছড়া বনকে। সাতটি বন্যপ্রাণীর অভয়ারণ্য এই বন। যদিও বনের ভেতর তাদের দেখা পাওয়া বেশ কষ্টকর। সকাল গড়িয়ে দুপুর হলেও কিছু বানর ছাড়া আর কারোরই দেখা মেলেনি। এই বনের পাখিদের মাঝে টিয়া, তোতা, ছোট ফিঙ্গে আর সবুজ কোকিলের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। বনের সবুজ চা বাগান আর উঁচু পাহাড়ের উপর খাসিয়াদের বসতির কথা সবারই জানা।
মাথার উপর গনগনে সূর্য নিয়ে মাধবপুর লেকের পাহাড়ে ওঠার অনুভূতি সত্যিই রোমাঞ্চকর ছিল। উঁচু-নিচু আর এবড়ো-থেবড়ো পাহাড়ি রাস্তা দিয়ে বেশ সাবধানে চলতে হয় সেখানে। সূর্যের আলো আর পাহাড়ি গাছের সবুজ, দুটো মিলিয়ে কোন জলাশয়ের পানির রঙ যে কত অদ্ভুত হতে পারে, তা দেখেছিলাম এই মাধবপুর লেকে।
ফিরতে না চাইলেও ঝিমিয়ে পড়া সূর্যের সাথে আমাদেরও সেদিনের মত বিদায় জানাতে হয়েছিল শ্রীমঙ্গলকে। একদিনের সেই ভ্রমণের অনুভূতি প্রকাশের জন্য সত্যি একটা কথাই যথেষ্ট— সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ।