সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে মাত্র ৯ ভাগ শিক্ষার্থী
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ১৯:৩০
দেশের সবকটি সরকারি বিশ্ববিদ্যালয়, এদের অধীন অধিভুক্ত এবং অঙ্গীভূত কলেজ ও মাদ্রাসায় মোট শিক্ষার্থী ১৮ লাখ ৯০ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ৭৬ ভাগ শিক্ষার্থীই পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত কলেজে। সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকলেও আসন সংখ্যা কম থাকায় সে সুযোগ পাচ্ছে না শিক্ষার্থীরা। এছাড়া বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবে আর্থিক সীমাবদ্ধার কারণে এটাও অনেকের জন্য সম্ভব হচ্ছে না। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলো পাচ্ছে হাতের লাগালেই। আর শিক্ষা ব্যয়ও কম।
ইউজিসির তথ্যানুযায়ী, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া বাকী ৩২টি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ২৭৮ জন। এর মধ্যে শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ৫৮ হাজার ৮৬৭ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কোন শিক্ষার্থী না থাকলেও এর অধীনে ২ হাজার ৭টি অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজে শিক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৬৮ হাজার ৪৫০ জন; এর মধ্যে ছাত্রী সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৯৩৬ জন; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৮ হাজার ৬৫৯ জন; এর মধ্যে ছাত্রী সংখ্যা ৯০ হাজার ৪৯১ জন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ হাজার ২৭৬টি মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৯২৯ জন। জাতীয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজ/মাদ্রাসা ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীন অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজের শিক্ষার্থী সংখ্যা ৫৩ হাজার ২২৭ জন। জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ১০৯ জন-এর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৯২৯ জন যোগ করলে শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৪০ হাজার ৩৮ জন। এ হিসেবে দেখা যায় যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজসমূহে প্রায় ৬৭ ভাগ শিক্ষার্থী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ ভাগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসায় প্রায় ৯ ভাগসহ মোট প্রায় ৮৭ ভাগ শিক্ষার্থী এই তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজে/মাদ্রাসার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮৫টি কলেজে শিক্ষার্থী রয়েছে ২৮ হাজার ৯৮৪ জন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৫টি কলেজের অধীনে শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৯৭৪জন; কৃষি বিশ্ববিদ্যালয়ের ১টি কলেজের অধীনে শিক্ষার্থী সংখ্যা ১৮৩ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫টি কলেজের অধীনে শিক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৪০২ জন; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮টি কলেজের অধীনে শিক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৮৭৮ জন; খুলনা বিশ্ববিদ্যালয়ে ১টি কলেজে শিক্ষার্থী সংখ্যা ৬৬০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৩টি কলেজের অধীনে শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ১৮৬ জন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনালস এর অধীনে ১৬টি কলেজে শিক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৯৬০ জন। এ ৮টি বিশ্ববিদ্যালয়ের অধীন অধিভুক্ত ও অঙ্গিভূত কলেজে মোট শিক্ষার্থী সংখ্যা ৫৩ হাজার ২২৭ জন।