শান্তি আলোচনায় নেতানিয়াহুকেই পদক্ষেপ নিতে হবে:ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করতে চাই আন্তরিকতা থাকলে জাতিসত্ত্বার ভিত্তিতে দুইটা রাষ্ট্র গঠন করা সম্ভব। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামা নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, তারা আশা করছেন, আগামী ২৯ এপ্রিল এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এ ব্যাপারে সত্যিকার অর্থে অগ্রগতি সামান্যই হয়েছে। তিন বছর পর গত জুলাইতে সরাসরি আলোচনা হলেও এরপর থেকে আলোচনার তেমন মসৃণ পথ তৈরি হয়নি। এই অবস্থার পরই ওবামা বলেন, ইসরাইলকে নিয়ে ইহুদি রাষ্ট্র আর ফিলিস্তিনকে নিয়ে মুসলিম রাষ্ট্র তৈরি করা তেমন কঠিন কোন বিষয় না। এজন্য যা প্রয়োজন তা হলো উভয় দেশের মাঝেই আন্তরিকতা ও আস্থার জায়গা তৈরি করা। তাহলেই শান্তি আলোচনার উদ্দেশ্য সফল হবে। ওবামা বলেন, এপ্রিল মাসেই এ আলোচনা শেষ হওয়ার কথা। তাই কিছু কঠোর সিদ্ধান্ত এ লক্ষ্যে তাদেরকে নিতে হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও তাদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে কাজ করতে হবে। আলোচনাকালে নেতানিয়াহু বলেন, উভয়ের মধ্যে অস্থিরতা কমাতে আমরা ইতিমধ্যেই ফিলিস্তিনি অনেক বন্দির মুক্তি দিয়েছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আগামী মাসে ওবামার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেসময়ে আলোচনা হওয়ার বিষয়টি আরো এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।