ঠাণ্ডা পানীয় খেয়ে ১৬ শিশু অসুস্থ
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০৫
গতকাল মঙ্গলবার রূপসা উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিশু শিক্ষার্থী নিম্নমানের ঠাণ্ডা পানীয় পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পলিথিনের মধ্যে হলুদ এবং লাল রংয়ের মিষ্টি পানি দিয়ে তৈরি প্রতি প্যাকেট পানীয় দুই টাকা দিয়ে কিনে শিক্ষার্থীরা পান করার পর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হচ্ছে আছিয়া, পূজা, বায়েজিদ, হোসাইন, আলাল, ফজলুল, রিফাত, ইসমাইল, মাহমুদা, ইতি ও আল-আমিনসহ ১৬ জন।
পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল জলিল জানান, সকাল ১০টার দিকে পঞ্চম শ্রেণীর ১৩ জন এবং দ্বিতীয় শ্রেণীর তিনজন শিক্ষার্থী স্কুলের পাশের একটি দোকান থেকে ঐ পানীয় পান করে। এর কিছু সময় পর প্রথমে তাদের পেটে ব্যথা অনুভব হয়। পরে তারা বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রূপসা উপজেলা স্বাস্থ্য সহকারি (টিএইচএ) ডা. উদয় বরণ মণ্ডল জানান, দূষিত পানি এবং ক্যামিক্যাল দিয়ে তৈরি ঠাণ্ডা পানীয় পান করার কারণে শিশু শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে তিনজনকে স্যালাইন দেয়া হয়েছে। তবে বর্তমানে সকলেই আশংকামুক্ত রয়েছে।