নরসিংদীতে ইটভাটায় বন্দি নারী-শিশুসহ ১৪ শ্রমিক উদ্ধার
নরসিংদী প্রতিনিধি ও পলাশ সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০৬
জেলায় ইটভাটায় বন্দি রেখে নির্যাতনের অভিযোগে নির্যাতিত নারী-শিশুসহ ১৪ শ্রমিক উদ্ধার করেছে নরসিংদী ভ্রাম্যমাণ আদালত। পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে এক ইটভাটায় গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় বন্দি রেখে শ্রমিক নির্যাতনের অভিযোগে ইটভাটার মালিক আব্দুল আজিজ ও ভুয়া সাংবাদিক জাহিদসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পলাশ থানায় মামলা করা হয়েছে। এদিকে ইটভাটার মালিক শ্রমিকদের নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছেন।
উদ্ধার হওয়া শ্রমিক শিউলি আক্তার ও আয়েশা আক্তার জানান, খুলনার পাইকগাছা উপজেলার শান্তা ও গোরাইখালী গ্রামে তাদের বাড়ি। মানিকগঞ্জে এক ইটভাটায় কাজ করার সময় ওই এলাকার মোবারক নামে এক শ্রমিক সরদার ও দালাল সাইদ সরকার ও আসাদুল শেখের সাথে তাদের পরিচয় হয়।
সেই সূত্রে গত বছরের অক্টোবর মাসে জেলার পলাশ উপজেলায় এমএ ব্রিকস নামে ইটভাটায় তারা কাজ শুরু করে। এরপর ওই শ্রমিক সর্দার ও দালাল ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় ২ মাস পর তাদের ওপর শুরু হয় অত্যাচার-নির্যাতন। কোন মজুরি না দিয়ে তাদের আটকে রেখে শুধু কাজ করাতো। ইটভাটার মালিক আজিজ মিয়া ও তার ছোট ভাই তাদের ইটভাটায় রাতে তালা বদ্ধ এবং দিনে পাহারা দিয়ে রাখতো।