গবেষক ও শিক্ষার্থী বিনিময়ে তিন দেশের প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি ভিসির বৈঠক
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:৩১
জার্মানি, ভারত ও পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি দলের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জার্মানি, ভারত এবং পাকিস্তানের শিক্ষা ও গবেষণা প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে এসব বিষয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের মলিকুলার ফাইটোপ্যাথোলজি এন্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. হ্যান্স-পিটার মিউয়েল বাচ এবং অধ্যাপক ড. হ্যানি তানতা, ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত সরকারি কলেজের অধ্যাপক ড. তিমির বরণ ঝাঁ এবং পাকিস্তানের পেশোয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেহান বখত।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ শামীমুল আলম এবং অধ্যাপক মিহির লাল সাহা। বৈঠককালে তারা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিনিধিদের ধন্যবাদ জানান।