বাংলাদেশ ভারত মুখোমুখি আজ গোয়ায়

ভারতের সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচটি খেলার আগাম কোনো সিডিউল ছিল না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন শুরু হয় তখন প্রীতি ম্যাচ খেলার আলোচনা হলেও প্রতিপক্ষ চূড়ান্ত ছিল না। ভারতের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে বাংলাদেশও সম্মতি দিয়ে ফেলল। ভারত জানালো ৫ মার্চ গোয়াতে খেলা হবে। বাংলাদেশ তাতেই সম্মতি দিল। ফিফার কাছ থেকে ভারত অনুমতি নিয়ে বাংলাদেশ -ভারত ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেলো। পুনঃসংস্কার করা জওহর লাল নেহরু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভারত প্রীতি ফুটবল ম্যাচটি আজ সন্ধ্যায় সাড়ে ৬ টায় টেন অ্যাকশান সরাসরি খেলা সম্প্রচার করবে। প্রস্তুতি ছাড়াই গোয়ায় গেলো বাংলাদেশ ফুটবল দল। প্রায় দেড়শ’ দিন পর আবার ফুটবল মাঠে বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে আজ। এবার ভারতের ঘরের মাঠে খেলা। স্বাভাবিকভাবেই বাড়তি শক্তি অনুভব করবে ভারত। কারণ তাদের মাঠে চেনা দর্শক। চেনা পরিবেশ। সব কিছুইর সাথে আগেই মানিয়ে নেয়া আছে। যে কারণে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী বলছেন, গোয়ার দর্শকরা আমাদের শক্তি।’ এই পরিবেশে বাংলাদেশের ফুটবলাররা নতুন। একটু পিছিয়ে থাকবে। তবে বাংলাদেশের দলের খেলোয়াড়দের কাছে আইএফএ শিল্ডের প্রেরণা আছে। যেটা আজকের ম্যাচের জন্য টনিক হয়ে কাজ করতে পারে। কারণ জাতীয় দলে এখন ১০ জন ফুটবলার রয়েছেন, যারা ভারতের ফুটবলারদের সাথে খেলে এসেছেন আইএফএ শিল্ড। ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে হারিয়েছে শেখ জামাল। ফাইনালে মোহামেডানের কাছে সাডেন ডেথে হেরেছিল শেখ জামাল। এখানে সবাই সবাইকে চেনা আছে। লড়াইটা কতটুকু করতে পারবেন সেটাই এখন দেখার ব্যাপার। আবার অন্য দিকে ভয়ও আছে। কারণ ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ যে দলটা নিয়ে ভারতের বিরুদ্ধে লড়তে গেছেন। সেই দলের ভালো প্রস্তুতি ছিল না। কোচ পুরো দলটাকে দেখে নিতে পারেননি। সাথে কিছু তরুণ ফুটবলার রয়েছেন যাদের অভিজ্ঞতা কম। মাত্রই জাতীয় দলে নাম লিখিয়েছেন। একাদশে থাকতে পারবেন কিনা নিশ্চিয়তা নেই। রুবেল মিয়া, আমিনুর রহমান সজিব, টুটুল হোসেন বাদশা, দিদারুল হক সেরা একাদশে ঢুকলে ভারতের বিরুদ্ধে কতটা পারবেন তা বলা কঠিন। টুটুল হোসেন বাদশা ঘরোয়া লিগে খেলেছেন কিনা কেউ মনে করতে পারলেন না। শেখ জামালের গোলকিপার জিয়াউর রহমান জিয়া আইএফএ শিল্ডে ভালো খেলেও ডাক পাননি জাতীয় দলে। গত সাফে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। সেই ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমে গোল শোধ করেন সুনীল ছেত্রী। মান বাঁচায় ভারত। যে কারণে বাংলাদেশকে খাটো করে না দেখার কথা জানিয়েছেন ভারতের ডাচ কোচ উইম কোভারম্যান। গতকাল গোয়াতে সংবাদ সম্মেলনে কোভারম্যান ইনজুরি টাইমে গোল পেয়ে রক্ষা পাওয়ার কথা তুলে ধরে বলেন, আমরা জিততে চাই।’ ভারতীয় ডাচ কোচের শিষ্য বাংলাদেশের ডাচ কোচ লুডভি ডি ক্রুইফ। তিনি গতকাল সংবাদ সম্মেলনে নিজের দল সম্পর্কে বলেছেন, আমরা দলে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় আছে। আবার ৩৪ বছর বয়সের খেলোয়াড়ও আছেন। বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম স্টেডিয়ামের মাঠ দেখে দারুণ খুশি। তিনি গোয়ায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এখানে ভালো ফুটবল খেলার জন্য এসেছি। এধরনের ম্যাচ দুই দেশের ফুটবল সম্পর্ক শক্তিশালী করবে।’ তিনি ভারতের সাথে এধরনের ম্যাচ আরো বেশি বেশি খেলতে চান বলে জানিয়েছেন। মামুনুল ইসলাম বলেন, ভারত একটি গোছানো দল। কিভাবে ভালো খেলতে হয় আমরা জানি।’ বাংলাদেশের বিরুদ্ধে গোল করা স্ট্রইকার অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, আমার দলেও কিছু তরুণ ফুটবলার রয়েছেন। যাদের এখনও সময় লাগবে দলে জায়গা করে নিতে। তবে আমরা সবাই পজিটিভ।’ বাংলাদেশের মতো ভারতীয় দলও লিগের খেলা থেকে এসে আন্তর্জাতিক ম্যাচ খেলছে। গত বছর ৩ সেপ্টেম্বর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল।