ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:১৩
আন্তর্জাতিক এক দিনের ম্যাচে (ওডিআই) দলগতভাবে সর্বোচ্চ রানের ইনিংস গড়েছে বাংলাদেশ। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৩২৬ রান করে নতুন এই রেকর্ড গড়েছে টাইগাররা।
এর আগে ৮ উইকেটে সর্বোচ্চ ৩২০ রান ছিল বাংলাদেশ দলের সর্বোচ্চ সংগ্রহ। ২০০৯ সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে স্বাগতিক দলের বিপক্ষে ওই সংগ্রহ দাঁড় করেছিল বাংলাদেশ। যে ম্যাচে জয়লাভ করে তারা। অবশ্য পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ টাইগারদের। এতদিন পাকিস্তানীদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৮৫ রান। ২০০৮ সালে লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওই রান দাঁড় করেছিল বাংলাদেশ। আজ সেই রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লো মুশফিক বাহিনী। -বাসস