ইভিএমে ভোট হবে সব কেন্দ্রে

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ২৪ জুন

হবিগঞ্জ প্রতিনিধি

অবশেষে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। এবারই প্রথমবারের মতো হবিগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ মে, প্রার্থিতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন এবং ২৪ জুন ভোটগ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, আইন অনুযায়ী এবারও দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার সবকটি কেন্দ্রেই ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এদিকে, নির্বাচনকে ঘিরে গত প্রায় ৩ মাস ধরেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রায় হাফ ডজন প্রার্থী রয়েছেন। প্রচারণায় আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে এখনো পর্যন্ত বিএনপি দলীয় কোনো প্রার্থী প্রকাশ্যে মাঠে নামছেন না।

প্রসঙ্গত, কারাগার থেকে নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি শূন্য হয়। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয় পৌর প্যানেল মেয়র দিলীপ দাসকে।