অবসর নিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্মিথ

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকে ক্রিকেটের সেরা অধিনায়কদের একজন হিসেবে মত দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট। প্রোটিয়া অধিনায়ক গতকাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান তৃতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। তার অবসরের কথা উচ্চারিত হওয়ার পরই এই মত দেন স্টুয়ার্ট। কেপ টাউনের নিউল্যান্ডে অনুষ্ঠানরত পাঁচ দিনের ম্যাচটি হলো ৩৩ বছর বয়সী স্মিথের ১১৭তম টেস্ট। এর মধ্যে তিনি ১০৯টি খেলেছেন অধিনায়ক হিসেবে যা একটি বিশ্ব রেকর্ড। তার বর্তমান রান হলো ৯২৫৩টি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৪৭টি ওয়ানডে ম্যাচও খেলেছেন তিনি। স্মিথ তার এগার বছরের ক্যারিয়ারে ৫৩টি টেস্টে প্রোটিয়াদের জয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। ৩৮টি সিরিজের মধ্যে জিতেছেন ২২টি। মাত্র আট টেস্ট খেলার পরই বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে ২০০৩ সালে অভিষেক হয়েছিল তার। চলতি সিরিজের আগ পর্যন্ত গত পাঁচ বছরে তার অধিনায়কত্বে কোন টেস্ট সিরিজে হারেনি দক্ষিণ আফ্রিকা। ২০১০ সাল পর্যন্ত দেশটির ওয়ানডে অধিনায়কও ছিলেন তিনি। স্মিথ জানান, এটি ছিল কঠিন এক সিদ্ধান্ত। যদিও দিন দুইয়েক আগেও তিনি সাংবাদিকদের বলেছিলেন, সহসা অবসর নিচ্ছেন না; কিন্তু সোমবার অবসরের সিদ্ধান্ত জানানোর সময় বলেন, ‘গত এপ্রিলে গোড়ালির ইনজুরির পর থেকেই এ সিদ্ধান্তের ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। তাছাড়া আমি সংসারও শুরু করেছি। সেক্ষেত্রে নিউল্যান্ডে অবসর নেয়াটাই সেরা পথ বলে মনে হয়েছে আমার কাছে। কারণ এই জায়গাটি আমার ঘরের মতো, বিশেষ করে সেই ১৮ বছর বয়স থেকে।’ স্টুয়ার্ট বলেন, ‘অধিনায়ক হিসেবে তার রেকর্ড সব চেয়ে ভাল। তার সমস্ত পরিসংখ্যান জানাচ্ছে— তাকে ভাল বলতেই হবে। সে ছিল বিশ্ব মানের। সে সামনে থেকে নেতৃত্ব দিত। আমি তার বিরুদ্ধে একটি সিরিজ খেলেছি এবং সে আমাকে মুগ্ধ করেছে।’ জানা গেছে, স্মিথ এখন কাউন্টি ক্রিকেটে খেলার ব্যাপারেই মনোনিবেশ করবেন।