কক্সবাজার ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই জয়

বাংলাদেশের মেয়েরা গতকাল মঙ্গলবার পাকিস্তানকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৩ রানে হারিয়ে নবনির্মিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে স্মরণীয় করে রাখলো। সাগরপারের এই ভেন্যুতে বিপুল পরিমাণ দর্শক উপস্থিতিতে বাংলাদেশ দল দাপট দেখিয়েই জয়ী হয়। পাকিস্তান আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিকদের বিরুদ্ধে শেষ ওয়ানডেটিতে মুখোমুখি হবে। এরপর এই মাঠে ৮ ও ১৫ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে সালমা খাতুনের দল। স্বাগতিকরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচটির আগে ভারতের মেয়েদের সাথে ৯, ১১ ও ১৩ মার্চ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরপাড়ে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন।