চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম রেল স্টেশনে আজ বুধবার থেকে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশনে অ্যাপসের টিকিটসহ প্রতিদিন ১২ হাজার টিকিট বিক্রি করা হবে। ২২ মে দেওয়া হবে ৩১ মের টিকিট, ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট। ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।
রেলওয়ে পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায়, মহানগর এক্সপ্রেস ১২টা ৩০ মিনিটে, গোধূলী বিকাল ৩টায়, সোনার বাংলা বিকাল ৫টায়, মেইল এক্সপ্রেস রাত সাড়ে ১০টায়, তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় চট্টগ্রাম ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চল থেকে প্রতিদিন ১২ হাজার টিকিট দেওয়া হবে। এর মধ্যে রেলওয়ের অ্যাপসে ৫০ শতাংশ অর্থাত্ ৬ হাজার টিকিট এবং বাকি ৬ হাজার টিকিট রেল স্টেশনে দেওয়া হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এ জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ উপলক্ষে দুই জোড়া স্পেশাল ট্রেন চট্টগ্রাম রুটে চলাচল করবে।