ভারতে আদালত প্রাঙ্গণে সাহারা প্রধান সুব্রতর মুখে কালির ছিটা!

ভারতের অন্যতম বৃহত্ শিল্প গোষ্ঠী সাহারার মালিক সুব্রত রায়ের মুখে কালি ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গাড়িতে করে তাকে লক্ষেৗ থেকে দিল্লির আদালতে আনা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেঁটে আদালতে প্রবেশের সময় এক ব্যক্তি তার মুখে কালি ছিটিয়ে দেন। কালি ছিটিয়ে দেয়া ঐ ব্যক্তির নাম মনোজ শর্মা (৪৪)। তিনি একজন আইনজীবী ও গোয়ালিয়রের বাসিন্দা। কালি ছিটিয়ে দেয়ার পর ঐ ব্যক্তি সাংবাদিকদের বলেন, সুব্রত রায় একজন চোর। আমি চোরদের বিরুদ্ধে লড়াই করি। তাই কালি ছিটিয়েছি। এ ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। এদিকে, সুব্রত রায় ও তার দুই পরিচালককে জেল হেফাজতে পাঠিয়েছে সেদেশের সর্বোচ্চ আদালত। বে-আইনিভাবে সংগ্রহ করা প্রায় ২০ কোটি রুপি কীভাবে আমানতকারীদের ফেরত দেবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা জমা না দেয়া পর্যন্ত জেলেই থাকতে হবে সুব্রত রায়কে। যদিও আদালতে সাহারার আইনজীবীরা জানিয়েছিলো, প্রত্যেক আমানতকারীকেই টাকা ফেরত দেয়া হবে। সুব্রত রায় ও অন্য দু’জন পরিচালককে ১১ মার্চ আদালতে হাজির করা হবে। ততোদিন তারা দিল্লির তিহার জেলেই থাকবেন। উল্লেখ্য, শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় সাহারার এমন দুটি কোম্পানি শেয়ার ও ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে ২০০৮ সাল থেকে প্রায় ১৮ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করতে শুরু করে। এ বিষয়ে আদালতে হাজিরার নির্দেশ একাধিকবার অমান্য করায় শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেফতার করা হয় সুব্রত রায়কে।