চট্টগ্রামের সৌন্দর্য রক্ষার দায়িত্ব পাচ্ছে হকাররা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষার কাজে হকারদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নগরীর পতেঙ্গা বিমান বন্দর থেকে শেখ মুজিব সড়ক, সিডিএ অ্যাভিনিউ, জাকির হোসেন রোড, আগ্রাবাদ এক্সেস রোড ও পোর্ট কানেকটিং রোডকে হকারমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। তবে নিউমার্কেট, আমতলা ও স্টেশন রোড এলাকায় সীমিত আকারে হকাররা ব্যবসা করতে পারবেন। বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পর হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেয়া হবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো চট্টগ্রামেও হলিডে মার্কেটসহ পরিকল্পিত হকার মার্কেট গড়ে তোলা হবে। হকার পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান ও সাবেক সিটি মেয়রকে প্রধান করে ইতিমধ্যেই দুইটি পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে চট্টগ্রামের সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিভিন্ন হকার সংগঠনের সাথে মতবিনিময়কালে মেয়র এসব পরিকল্পনার কথা জানান। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম নগরীকে হকারমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসাবে দেশি-বিদেশি অতিথিদের কাছে তুলে ধরার লক্ষ্যে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন, যে সমস্ত এলাকায় নির্ধারিত সময়ে হকার বসবে সেই সকল এলাকার সৌন্দর্যও হকারদের রক্ষা করতে হবে। বিউটিফিকেশন করে সীমিত আকারে নির্ধারিত স্থানে হকাররা ব্যবসা করবে। মেয়র বলেন, চট্টগ্রামের ভাবমূর্তি উজ্জ্বল রাখা সকল নাগরিকের দায়িত্ব। রাস্তা-সড়ক ফুটপাথের সৌন্দর্য রক্ষা করা হকারদের দায়িত্ব। বৈঠকে চট্টগ্রাম সিটি হকার লীগ, চট্টগ্রাম হকার্স ঐক্য পরিষদ, ফুটপাত হকার্স সমিতি, মেট্রোপলিটন হকার সমিতি, চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা উপস্থিত ছিলেন। তারা বিশ্বকাপ ক্রিকেট চলাকালে দেশের উজ্জ্বল ভাবমূর্তির স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অঙ্গীকার ব্যক্ত করেন।