যমুনা অয়েলে অগ্নিকাণ্ড
এমডিসহ চারজনকে দায়ী করে তদন্ত রিপোর্ট পেশ
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২৩:১২
চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গা ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিনসহ চারজনকে দায়ী করেছে তদন্ত কমিটি।
গতকাল মঙ্গলবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে দায়ী অপর তিনজন হলেন: যমুনা অয়েলের উপ মহাব্যবস্থাপক (টার্মিনাল) আবুল বাশার, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মুশফিকুর রহমান ও উপ মহাব্যবস্থাপক (অপারেশন) কাজী মনজুর রহমান। চারজনের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে দায়ী থাকার অভিযোগে আবুল বাশার ও মুশফিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ইউনুসুর রহমান গতকাল মঙ্গলবার ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়। এ ঘটনায় বিপিসির পরিচালক (বিপণন) রিজোয়ান হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। গতকাল সকালে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন বিপিসির উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) এ টি এম সেলিম।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত কমিটির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইউনুসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, অকটেন খালি করে ট্যাংকের তলানি পরিষ্কার করার সময় দুর্ঘটনা ঘটে। তলানি পরিষ্কার করা হচ্ছিল বিদ্যুত্ চালিত বহনযোগ্য পাম্পের সাহায্যে। সম্ভবত বৈদ্যুতিক স্পার্ক ও ট্যাংকের গ্যাসের মধ্যে সংস্পর্শের কারণেই অগ্নিকাণ্ড হয়েছে।