রাজশাহীতে এমপির বাড়িতে আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাহত
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২৩:১৩
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ দারার বাড়িতে এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জিল্লুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সোমবার রাতে পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আহসানুল হক মাসুদ কর্মীদের নিয়ে সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারার বাড়িতে দেখা করতে যান। মাসুদ যখন সংসদ সদস্যের সঙ্গে কথা বলছিলেন তখন তার কর্মীরা বাইরে অপেক্ষা করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দারার কক্ষ থেকে বাইরে এসে জিল্লুর রহমানকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন। এসময় দলীয় কর্মীরা তার উপর হামলা চালায়।
আহসানুল হক মাসুদ অভিযোগ করেন, জিল্লুর রহমানকে আব্দুল মালেক প্রথমে আঘাত করেন। পরে তার সহযোগী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সান্টু ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রুমিসহ আরো কয়েকজন উপর্যুপরি ছুরিকাঘাত করেন।’
এ ব্যাপারে জানতে আব্দুল মালেকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারাও ফোন রিসিভ করেননি।