পার্থ প্রতীম মজুমদারের সঙ্গে জেলার বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে গত ২৩ ফেব্রুয়ারি অধুনা থিয়েটারের আয়োজনে দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফ্রান্স প্রবাসী বিশ্ব সমাদৃত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার। এ কর্মশালায় কুমিল্লার বিভিন্ন নাট্য সংগঠনের অর্ধশত নাট্যকর্মী অংশগ্রহণ করেন। জানা যায়, ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি প্রশিক্ষক পার্থ প্রতিম মজুমদার পাবনায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মূকাভিনয় শিল্পের পথিকৃত্ এই মূকাভিনয় (মাইম) শিল্পী জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা অর্জন করেছেন। ২০১০ সালে তাকে মূকাভিনয় শিল্পী হিসেবে একুশে পদক দেওয়া হয়। তিনি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার অসংখ্য চলচ্চিত্রে অংশগ্রহণ করে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তার অভিনীত ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি দেশে পুরস্কার লাভ করে। ১৯৮৭ সালে কলকাতা যোগেশ মাইম একাডেমি থেকে ‘মাস্টার অব মাইম’ উপাধি লাভ করেন। তিনি মালয়েশিয়া থেকে ‘মাস্টার অব ওয়ার্ল্ড’ সম্মাননা পুরস্কার লাভ করেন। নবম-দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট সেভেন লেসন টু’তে ২০১২ সালে বাংলাদেশের এই খ্যাতিমান মূকাভিনয় শিল্পীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কুমিল্লার জিমনেশিয়ামে মূকাভিনয় কর্মশালায় নাট্যকর্মীরা তার সান্নিধ্য পেয়ে গর্বিত হয়েছেন।