দিনব্যাপী পিঠা মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:১৭
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী উত্সবের আমেজে পিঠা মেলা অনুষ্ঠিত হয়। গত ২২ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা স্টেশন ক্লাব প্রাঙ্গণে এ পিঠা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) গোলামুর রহমান, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, নারী নেত্রী পাপড়ি বোস, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানসহ নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন এ পিঠামেলায় অংশগ্রহণ করে। ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত এ পিঠা মেলায় জেলা প্রশাসনের ‘রসম্ভ’ ছাড়াও তারার পানে, পানকৌড়ি, পিঠা বিলাস, পিঠাঘর, ভাপাপুলি, পিঠা উত্সব, পিঠামেলাসহ মহানগর ও উপজেলা পর্যায়ের ২০টি স্টলে বাহারি সাজের রকমারি পিঠা প্রদর্শিত হয়। বিকালে বর্ণাঢ্য সাংস্কৃৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গ্রামীণ সংস্কৃৃতির কবিতা-ছড়া ও মনোজ্ঞ গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।