রাইফেলসহ শিশুর ছবি নিয়ে বিতর্ক!
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:৪৫
সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে পোস্ট করা ছবি বা মন্তব্য নিয়ে বিতর্কের ঘটনা হয়তো নতুন নয়। তবে সম্প্রতি আগ্নেয়াস্ত্র হাতে একটি ছয় মাস বয়সী শিশুর ছবি। ফেসবুকে দেওয়া নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছে সেটি ছাড়িয়ে গেছে অতীতের অনেক ঘটনাকেই। আর সমালোচনার ঝড় তোলা এই ছবিটি যিনি পোস্ট করেছেন তিনি হলেন আমেরিকার কানেক্টিকাট অঙ্গরাজ্যের ক্রিস্টোফার ডাফি। ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে ক্রিস্টোফার ডাফি যখন তার মেয়েকে নিয়ে স্থানীয় একটি অস্ত্রের দোকানে গিয়েছিলেন তখনই অস্ত্র দেখার একফাঁকে ছবিটি তোলা হয়। ছবিতে দেখা যায়, ডাফির ছয় মাস বয়সী সন্তান বেশ হাস্যোজ্জ্বল মুখেই একটি বোল্ট অ্যাকশন রাইফেল হাতে ধরে আছে। স্রেফ শখের বশে তোলা হলেও উডব্রিজ ফায়ারআর্মস ট্রেডিং নামের ওই অস্ত্রের দোকানের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু হয় বিতর্কের। ক্যারোলিন ল্যারি নামের এক ফেসবুক ব্যবহারকারী ছবিটির মন্তব্যের অংশে লেখেন, ‘একটি নিষ্পাপ শিশুকে রাইফেলের ব্যারেলে হাত দিয়ে বসে থাকতে দেখাটা অধিকাংশ মানুষের জন্যই ভীষণ বিরক্তিকর।’ যদিও যার ছবি নিয়ে এই বিতর্ক সেই ডাফি এই বিষয়টির মাঝে দোষের কিছুই দেখছেন না। এ প্রসঙ্গে বেশ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ডাফি জানান, দোকানে ঢোকার পর থেকেই তার মেয়ে অস্ত্রটির দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছিল। আর এ কারণেই তার কোলে অস্ত্রটি রেখে একটি ছবি তোলেন তিনি। এ সময় তিনি নিজের হাতে রাইফেলটি ধরে ছিলেন এবং এটি থেকে গুলি আলাদা করে রাখাসহ নিরাপত্তার সকল ব্যবস্থাই নেওয়া হয়েছিল। কাজেই এ বিষয়টি অন্য কারও বিচলিত হওয়া উচিত নয় বলেই তিনি মনে করেন। এ ছাড়া তিনি অন্য কারও সন্তানকে এমনটা করতে বাধ্য করছেন না বলেও উপহাস করেন। এদিকে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরির কারণে ছবিটি নিজেদের পেজ থেকে সরিয়ে নিলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে উডব্রিজ ফায়ারআর্মস ট্রেডিং কর্তৃপক্ষও। তাদের পেজে দেওয়া বক্তব্যের সারমর্ম, কেউ অপমানিত বোধ করলে তার উচিত আমাদের কাছে না কেঁদে নিজেদের বাড়িতে বসে কাঁদা।