সামরিক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা চীনের
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:৫৪
সামরিক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। বিগত তিন বছরের মধ্যে এটি হবে তাদের সর্বোত্তম ব্যয় বৃদ্ধির ঘটনা। মূলত আঞ্চলিক ক্ষেত্রে নীতি-নির্ধারণী পদ্ধতি ও প্রভাব-প্রতিপত্তি বাড়াতেই এই পদক্ষেপ নিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে সবুজ সংকেত এসেছে। এশিয়ায় বিশেষ করে জাপানের সঙ্গে তাদের সমুদ্র সীমা নিয়ে বিরোধের কারণেই এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলেছে জাপানকে। তারা একে অত্যন্ত নেতিবাচক বলে মনে করছেন।
বুধবার দেশটির সরকারের তরফ থেকে বলা হয়, চলতি বছরে প্রতিরক্ষা খাতে তারা শতকরা ১২ দশমিক ২ ভাগ ব্যয় বৃদ্ধি করবে। যার অর্থ দাঁড়াবে ৮০৮ দশমিক ২৩ বিলিয়ন ইউয়েন বা ১৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। এর একটা অংশ ব্যয় হবে অত্যাধুনিক অস্ত্রসমূহের আরো উন্নয়নের জন্য। এছাড়া উপকূলীয় সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি ও বিমান প্রতিরক্ষা খাত শক্তিশালীকরণেও এ অর্থ ব্যবহূত হবে। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ওইদিন প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, সরকার জাতীয় প্রতিরক্ষা গবেষণা, নতুন অস্ত্র ও সরঞ্জামাদির উন্নয়ন, সীমান্ত, উপকূলীয় ও বিমান প্রতিরক্ষা খাত সমৃদ্ধকরণে এ অর্থ ব্যয় হবে। তিনি বলেন, আমরা চীনের সশস্ত্র বাহিনীর সর্বাত্মক উন্নয়ন ঘটাবো। এর মাধ্যমে আমাদের ওই বাহিনীর বৈপ্লবিক ধারাকে আরো বৃদ্ধি করবো।
চীনের এ ধরনের পদক্ষেপ সম্পর্কে সিডনির লোই ইন্সটিটিউটের এশিয়া বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক রোরি ম্যাডক্লেফ বলেন, এটি জাপানের জন্য একটি অবশ্যই উদ্বেগের বিষয়। কারণ জাপানের সঙ্গে চীনের সমুদ্রসীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের।