ভুয়া সনদ প্রদান

নরসিংদীর আল ফালাহ ক্লিনিকের এমডিসহ ৪ জন গ্রেফতার

পুলিশের চাকরি প্রত্যাশী ব্যক্তিদেরকে বিধিবহির্ভূতভাবে ‘ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট’ প্রদান এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে স্থানীয় আল ফালাহ পিপলস প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ মোল্লাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নরসিংদীর সিভিল সার্জন ডা. রশিদ আহমদের রিপোর্টের ভিত্তিতে নরসিংদী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। জানা গেছে, সম্প্রতি নরসিংদী জেলা পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়ার পর নরসিংদীর শতাধিক চাকরি প্রত্যাশী ব্যক্তি এই প্রাইভেট ক্লিনিক থেকে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেয়। পুলিশ সুপারের সন্দেহ হলে তিনি সার্টিফিকেটগুলো যাচাই বাছাই করার জন্য নরসিংদীর সিভিল সার্জনের সহযোগিতা চান। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. রশিদ আহমেদ, আল ফালাহ পিপলস প্রাইভেট হাসপাতালটি পরিদর্শন করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জনকে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সরকারের বিনা অনুমতিতে তারা অবৈধভাবে ক্লিনিক স্থাপন করে বেআইনীভাবে চিকিত্সা কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনা পুলিশ সুপারকে জানানো হলে মঙ্গলবার সকালে নরসিংদী থানা পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ মোল্লা, ভুয়া রেডিওলজিস্ট জিয়াউর রহমান, মার্কেটিং অফিসার শাহনেওয়াজ ও নার্স মনি আক্তারকে গ্রেফতার করে।