সালমাদের সিরিজ জেতার চ্যালেঞ্জ আজ

ছেলেরা না পারলেও মেয়েরা ঠিকই মঙ্গলবার পাকিস্তান দলকে হারিয়ে দিয়েছে। এই অসাধারণ সাফল্যের ধারা ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজটা আজ ২-০ ব্যবধানেই জিতে নিতে চায় বাংলাদেশ দল। আর এই চাওয়া নিয়ে আজ কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে সালমা খাতুনরা। এর আগে প্রথম ম্যাচে ৪৩ রানের জয় নিয়ে দারুন এক সিরিজ শুরু করেছে বাংলাদেশ। কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে সেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়। আগে ব্যাট করা বাংলাদেশ ১০০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করে। জবাবে লতা মণ্ডল, জাহানারা আলম ও সালমা খাতুনদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০৯ রানের মধ্যে বেঁধে ফেলে পাকিস্তানকে।