আফ্রিদির ফর্মে ফেরার প্রশংসায় মিসবাহ
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২১:৫৮
অলরাউন্ডার শহিদ আফ্রিদি টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার প্রাক্কালে ফর্মে ফেরায় তা পাকিস্তান দলের জন্য অবশ্যই শুভ লক্ষণ। এমন মন্তব্য করেছেন দলটির অধিনায়ক মিসবাহ-উল-হক। বাংলাদেশের বিপক্ষে দু’টি বাউন্ডারি এবং ছয়টি ওভার বাউন্ডারির মারে ২৫ বলে তোলা আফ্রিদির ৫৯ রানে তিন উইকেটে জয়ী পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের দলের বড় সুবিধা আফ্রিদি। কেবলমাত্র এশিয়া কাপ নয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলের জন্য শুভ লক্ষণ।’
মিসবাহ এ প্রসঙ্গে বলেন, ‘সব সময়ই তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যবহার করা হচ্ছে। তাকে ব্যাটিং অর্ডারে ওপরে ওঠানো হচ্ছে। সে যেভাবে খেলছে তাতে আমরা তাকে যে কোন পজিশনে ব্যবহার করতে পারি।’ ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ পাওয়া কিংবদন্তি জহির আব্বাসও পাকিস্তানী ব্যাটিংয়ে পার্থক্য গড়ে দিয়েছেন বলে জানান মিসবাহ। তিনি বলেন, ‘এখানে বার্তাটা ছিল খুবই পরিষ্কার। জহির আব্বাস বলেছেন, ড্রেসিং রুমে আমাদের যে সক্ষমতা আছে তাতে ৫০ ওভার ব্যাটিং করতে পারলে যে কোন রান আমরা অতিক্রম করতে পারি। আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানদের ৫০ ওভার খেলতে পারা দরকার। এ বার্তাটাই আমরা সকলের কাছে পৌঁছে দিয়েছি।’
মিসবাহ আরো বলেন,‘তার কেবল মাত্র ২০-২৫ বল খেলা দরকার। আমরা এটাই নিশ্চিত হতে চেয়েছিলাম। আমাদের জন্য সে যে কাজটা করেছে তাতে আমরা খুবই খুশি।’