ঢাকার দুই সিটি নির্বাচন আপাতত হচ্ছে না

সীমানা পুনঃনির্ধারণের জটিলতাসহ বিভিন্ন সমস্যার কারণে আপাতত ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন হচ্ছে না। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, নিকট সময়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আশা নেই। দায়িত্বপ্রাপ্ত সিইসি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে। সরকার আইন করে নির্বাচন কমিশনকে যখন যে দায়িত্ব পালন করতে বলে তখন কমিশন সে দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন কারো আদেশ-নির্দেশে নির্বাচন করে না। আইন অনুযায়ী নির্বাচন করা হয়। ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ আবদুল মোবারক বলেন, আমরা যেহেতু আইন অনুযায়ী কাজ করি তাই শুধু আদালত কোথাও নির্বাচন করতে বাধা দিলে আমরা শুনি। সীমানা জটিলতা নিরসন করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার ক্ষেত্রে আদালতের নির্দেশনা আছে। দুই সিটিতে এখনো সীমানা নিয়ে জটিলতা রয়েছে। ফলে নিকট সময়ে ঢাকা সিটিতে নির্বাচনের আশা নেই। সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ডিসিসি নির্বাচন হয়েছিল। এ হিসাবে ডিসিসি প্রায় ১২ বছর ধরে নির্বাচনবিহীন রয়েছে। ওই নির্বাচনের পর প্রথম বৈঠকের তারিখ ধরে ২০০৭ সালের ১৪ মে এ সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হয়। মেয়াদ পার হওয়ার সাত বছর পার হয়ে গেলেও এখনো নির্বাচন হয়নি। এদিকে ২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে দুই ভাগ করা হয়। একই বছরের ৯ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়। তফসিল অনুযায়ী, দুই সিটি করপোরেশনে ওই বছরের ২৪ মে নির্বাচন হওয়ার কথা ছিল। সে সময় প্রায় দুই ডজন প্রার্থী মেয়র পদে এবং কয়েকশ প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়নপত্র কিনেছিলেন। অন্যদিকে, গত বছরের মে মাসে নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ উঠে গেলে নতুন করে তফসিল ঘোষণার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তবে দক্ষিণ সিটি করপোরেশনে একটি নতুন ওয়ার্ড যুক্ত হওয়ায় সীমানা-জটিলতায় নির্বাচন আবারও ঝুলে যায়।