প্রবাসী কল্যাণ সচিব শওকতকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং বর্তমান প্রবাসী কল্যাণ সচিব শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে শওকত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি গণপূর্ত মন্ত্রণালয়ে থাকাকালীন কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি বা কোনো প্রতিষ্ঠান আমাকে কোনো ধরনের অনৈতিক সুবিধা দেয়নি। সুতরাং প্লট নিয়ে অনিয়মের অভিযোগ সত্য নয়।’ তিনি আরো বলেন, ‘আমি অভিযুক্ত নই। দুদকের বাইরে থেকে আসা আমার বিরুদ্ধে একটি অভিযোগ খতিয়ে দেখতে আমাকে ডাকা হয়েছিল। তাই দুদকের কাছে আমার বক্তব্য দিতে এসেছিলাম।’ উল্লেখ্য, এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য গত ২৭ ফেব্রুয়ারি রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।