অ্যাকশনধর্মী চলচ্চিত্র সমৃদ্ধ করতেই কাজ করছেন তাঁরা

বিনোদন রিপোর্ট

 

অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র ‘দিন দ্য ডে’র মাধ্যমে অভিষেক হচ্ছে সুমন ফারুকের। তবে চলচ্চিত্রাঙ্গনে এরই ভেতরে তিনি বেশকিছু নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে হাজির হচ্ছেন। নিজের চলচ্চিত্রের পরিকল্পনা প্রসঙ্গে সুমন ফারুক বলেন, ‘আমি অ্যাকশন নির্ভর চলচ্চিত্রেই কাজ করতে চাই। এছাড়া নতুন ধারার অ্যাকশন নির্ভর চলচ্চিত্র প্রযোজনার ইচ্ছেও রয়েছে। সেসব কাজের ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে। খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা দেবো।’

এদিকে দিন দ্য ডে’ ছবিতে অনন্ত জলিলের কো-আর্টিস্ট হিসেবে কাজ প্রসঙ্গে সুমন ফারুক আরো বলেন, ‘ছবিটির একটি অংশে আমি থাকছি। তবে অনন্ত ভাইকে নিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর শুটিংয়ের কাজ চলছে। এর ভেতরে হঠাত্ করেই শুটিং করতে গিয়ে অনন্ত জলিল ভাই অসুস্থ হয়ে পড়ায় খুবই শঙ্কায় পড়ে গিয়েছিলাম।’

অন্যদিকে অনন্ত জলিল তাঁর প্রতিটি ছবির মতো এবারের ছবিতেও দারুণ কিছু চমক নিয়ে আসছেন। এরই ভেতরে নিজের নতুন লুক নিয়ে একটি ছবি পোস্ট করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা তৈরি করেছেন।

নতুন ছবি প্রসঙ্গে এরই ভেতরে একাধিক টকশোতে অনন্ত জলিল বলেন, ‘আমি আমার প্রতিটি চলচ্চিত্রই একটি সামাজিক কমিটমেন্ট থেকে তৈরি করার চেষ্টা করি। এবারের ছবিটিও তাই। আশা করছি আমার দর্শকরা আগেও নিরাশ হননি, এবারো হবেন না।’

আগামী ঈদুল আজহায় অনন্ত জলিলের এই বহুল আলোচিত ছবিটি মুক্তি পাবে বলে জানান তাঁরা।