মেসির সমর্থনে এগিয়ে এলেন ম্যারাডোনা

ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা মনে করেন সর্বকালের সেরা ফুটবলার প্রমাণের জন্য লিওনেল মেসির বিশ্বকাপ শিরোপা জয়ের দরকার নেই। আর্জেন্টিনার লা ন্যাচিওনাল পত্রিকাকে ১৯৮৬’র মেক্সিকো বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় হতে মেসির বিশ্বকাপ শিরোপা জয়ের প্রয়োজন নেই। যদি করতে পারে তবে সেটা আর্জেন্টিনা, ভক্ত এবং লিওর জন্য হবে অসাধারণ কিছু। তবে একটা বিশ্বকাপ জয় করুক বা না করুক তাতে সে যে অর্জনগুলো ইতোমধ্যে সম্ভব করেছে সেগুলো ছোট হয়ে যাবে না।’ এ বছরের ব্রাজিল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসাবে গতকাল রাতে বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের সাবেক কোচ ম্যারাডোনার মতে এ বছরের বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং জার্মানিকে হারিয়ে শিরোপা জয় করতে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হবে এবং সে ক্ষেত্রে মেসিকে অবশ্যই জ্বলে উঠতে হবে। ম্যারাডোনা বলেন, কোন গোল করতে না পারা সত্ত্বেও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা দারুণ কেটেছে মেসির। ম্যারাডোনার কোচিংয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ০-৪ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। তিনি বলেন, ‘আমার সঙ্গে মেসির একটা ব্যতিক্রমধর্মী বিশ্বকাপ কেটেছে... এবং কেউই এ কথা বলছে না। এমনটা হওয়ার কারণ সে কোন গোল করেনি? সব গোলরক্ষককেই সে তারকায় পরিণত করেছে।’ আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর মেসির ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না তিনি কখনো ভুলতে পারছেন না বলে জানান। ম্যারাডোনা,‘আমি মেসিকে বললাম প্রতিশোধ নেয়ার জন্য সে আরো অনেক বিশ্বকাপ পাবে। আমি মনে প্রাণেই তাকে এ কথাগুলো বলেছিলাম। দলের বাকি সবাই দেশে ফেরার কথা নিয়ে চিন্তা করলেও সে সেখানে বসেই মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল।’ ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে এফ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ বসনিয়া ইরান ও নাইজেরিয়া। এ প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘স্পেন, জার্মানি এবং ব্রাজিলের রক্ষণভাগ খুবই শক্তিশালী। আপনি ব্রাজিলের রক্ষণভাগের কথা চিন্তা করলে ছয়/সাতজন খেলোয়াড় আপনার মনে আসবে। আপনি তাদের আক্রমণ ভাগের কথা চিন্তা করুন এবং সেখানে একমাত্র নেইমার।’ বিশ্বকাপে ভেনেজুয়েলার একটি টেলিভিশনের ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করতে যাওয়া ম্যারাডোনা বলেন, ‘তার বুকের ভিতরের সমস্ত কান্না দূর করতে এটা হবে লিওর দৃঢ়তা প্রমাণের পরীক্ষা। ব্রাজিল হতে পারে তার মোক্ষম প্রতিশোধ।’ -বাসস