নিয়ম রক্ষার ম্যাচে জিতল ভারত
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২২:৫৯
আগের দিনের ঠিক বিপরীত চিত্র দেখা গেল গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগেরদিনও যেখানে ছিল উপচেপড়া ভিড়, গতকাল সেখানে সব মিলিয়ে দেখা গেল প্রায় পাঁচশ’র মত দর্শক। আর সেই ফাঁকা মাঠ হাসলো ভারতের পক্ষেই। আগেই ফাইনাল থেকে বাদ পড়া এশিয়া কাপের পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি গতকাল ৮ উইকেটে হারালো আফগানিস্তানকে।
গতকালের মুখোমুখি লড়াইয়ের আগে চলমান এশিয়া কাপে সমতাতেই ছিল ভারত ও আফগানিস্তান। একটি করে ম্যাচে জিতেছিল দল দুটি। দুটি জয়ই বাংলাদেশের বিপক্ষে। কাল সেই সমতা ঘুঁচালো ভারত। আফগানিস্তানকে হারিয়ে দু:স্বপ্নের এক টুর্নামেন্টের শেষটা করলো হাসিমুখেই।
কোন পরিবর্তন ছাড়াই এদিন মাঠে নামে ভারত। টসে জিতে ফিল্ডিংয়ে নামা ভারত প্রথম পাঁচ ওভারে মোটেই সুবিধা করতে পারেনি। দুই আফগান ওপেনার ৩০ রান করার পরই শুরু হয় উইকেট পতনের মিছিল। প্রথম আঘাত হানেন পেসার মোহাম্মদ শামি। মাত্র ৫ রান করে তার বলে বোল্ড হয়ে যান নওরোজ মঙ্গল।
এরপর আফগান ব্যাটসম্যানদের উপর জেঁকে বসেন দুই স্পিনার—রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্র অশ্বিন। এই দুই স্পিনারের ঘূর্ণিতে একসময় মাত্র ৮৩ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ১০০ রানের নিচে অল আউট হয়ে যাবার শঙ্কায় পড়েছিল আফগানরা।
এরপরও অল আউট হবার আগে ৪৫ ওভার ২ বলে ১৫৯ রান করে মোহাম্মদ নবীর দল। তার কারণ, সামিউল্লাহ শেনওয়ারির দায়িত্বশীল এক ইনিংস। ৭৩ বলে তিনি করেছেন ৫০ রান। ২৭ বছর বয়সী ডান হাতি এই ব্যাটসম্যানের এটা পঞ্চম হাফ সেঞ্চুরি। এর আগে এই এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেও ৮১ রানের এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।
এছাড়া নূর আলী জাদরান ৩১ ও মোহাম্মদ শাহজাদ ২২ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া অশ্বিন ৩ টি ও শামি ২ টি করে উইকেট পান।
জবাবে জয় পেতে ভারতকে খুব একটা বেগ পেতে হয়নি। আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের ১২১ রানের উদ্বোধনী জুটির পরই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ধাওয়ান ৬০ ও রাহানে ৫৬ রান করেন। শেষ পর্যন্ত মাত্র দুই উইকেট হারিয়ে ১৭ ওভার চার বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
টস: ভারত
আফগানিস্তান: ৪৫.২ ওভারে ১৫৯ অল আউট (শেনওয়ারি ৫০, নূর ৩১, শাহজাদ ২২; জাদেজা ৪/৩০, অশ্বিন ৩/৩১, শামি ২/৫০)
ভারত: ৩৩.২ ওভারে ১৬০/২ (ধাওয়ান ৬০, রাহানে ৫৬, কার্তিক ২১*; নবী ১/৩০, আশরাফ ১/২৬)
ফল: ভারত আট উইকেটে জয়ী।