আগে জঙ্গিবাদ ছাড়ুন তারপর আলোচনা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২৩:০৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ না করলে বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য হুমকি ও অনুপযুক্ত হয়ে থাকবেন। তাই আগে জঙ্গিবাদ ছাড়ুন, তারপর আলোচনা হবে। বৈধ সরকারকে মেয়াদ পূর্তির আগে লাইনচ্যুত করার ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত মুক্তিযোদ্ধা জাসদ নেতা নূরুল ইসলাম ডালু’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বার বার বিএনপি নেত্রীকে জঙ্গিবাদ, মৌলবাদ, জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করার জন্য অনুরোধ করলেও তিনি তার অবস্থান থেকে একটুও সরেননি, একটুও বদলাননি। উল্টো বৈধ নির্বাচিত সরকারকে অবৈধ বলে উসকানি দিয়ে দেশে অরাজকতা-নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন।
প্রয়াত নূরুল ইসলাম ডালুকে একজন নিঃস্বার্থ, নির্লোভ ও আদর্শবাদী জাসদ নেতা হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ৫০ বছর ধরে মানুষের কল্যাণ ও মুক্তির জন্য তিনি লড়াই করেছেন। সমাজতন্ত্র ও শোষণমুক্তির লড়াইয়ে তিনি কখনো আদর্শচ্যুত হননি। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শের পথে থেকে তিনি রাজনৈতিক সংগ্রামে যুক্ত ছিলেন। তার জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে।
জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, নাইমুল আহসান জুয়েল, মহানগর জাসদ নেতা শহিদুল ইসলাম, শফিউদ্দিন মোল্লা, নূরুল ইসলাম ডালু’র স্ত্রী জাসদ নেত্রী নূরতাজ বেগম প্রমুখ।