লোকসভা নির্বাচনে তৃণমূলের এক ঝাঁক তারকা প্রার্থী

পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন একঝাঁক জনপ্রিয় তারকা। এই তালিকায় রয়েছেন সদ্য প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন, অভিনেতা দেব, অভিনেত্রী সন্ধ্যা রায় ও গায়ক ইন্দ্রনীল। প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক বানার্জীও। গতকাল বুধবার প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা বানার্জী। মমতা ব্যানার্জী আরো জানান, মুনমুন সেন প্রার্থী হচ্ছেন বাঁকুড়া থেকে। অভিনেতা দেব মেদিনীপুরের ঘাটালে। অভিনেত্রী সন্ধ্যা রায় মেদিনীপুরে। গায়ক ইন্দ্রনীল সেন মুর্শিদাবাদের বহরমপুরে। অভিষেক ব্যানার্জী প্রার্থী হচ্ছেন ডায়মন্ডহারবার থেকে। ফুটবলার বাইচুং ভুটিয়া দার্জিলিং থেকে। শতাব্দী রায়, তাপস পালকে এবারও প্রার্থী করা হয়েছে। তবে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী কবির সুমন। মমতা ব্যানার্জী বলেছেন, অভিনেতা বিশ্বজিেকও প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে তাকে ত্রিপুরা বা অন্য কোনো রাজ্য থেকে প্রার্থী করা হতে পারে। গতকাল সিপিএমও দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে ১৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত পাঁচ দফায় ভোট হবে। ১৬ মে ভোট গণনা হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে লোকসভায় ৪২টি আসন রয়েছে। এর মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১৯টি আসন। বামফ্রন্টের দখলে ১৫টি এবং কংগ্রেসের দখলে ৬টি। মমতা ব্যানার্জীর লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে অন্তত ৩৬টি আসন জয়। ২৮ শতাংশ আসনে তৃণমূল মুসলিম প্রার্থী দিয়েছে।