রামেক পরিচালক ও রেজিস্ট্রারের ক্ষমা প্রার্থনা
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২৩:০৮
সার্জন ও মেডিক্যাল অফিসাররা ওয়ার্ডবয় দিয়ে রোগীর অস্ত্রোপচার করার ঘটনায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদ ও রেজিস্ট্রার ডা. মো. শহিদুল ইসলাম হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তারা বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না সে বিষয়েও নিশ্চয়তা দিচ্ছি। আমাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিন। পরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল তাদেরকে হাজিরা থেকে অব্যাহতি দেন।
‘স্বাস্থ্য পেশা চিকিত্সা সেবা: চিকিত্সকেরা ব্যস্ত রাজনীতি ও দলবাজিতে, অপারেশনের ছুরি-কাঁচি ওয়ার্ডবয়দের হাতে’ শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস্ এ্যান্ড পিস ফর বাংলাদেশ। ঐ আবেদনের ওপর হাইকোর্ট রাজশাহী মেডিক্যালের পরিচালক ও রেজিস্ট্রারকে তলব এবং ঘটনার বিষয়ে ব্যাখ্যা চান। গতকাল তারা আদালতে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দেন। আদালতে রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন।