একটা স্বস্তির জয় চায় বাংলাদেশ

শেষ কবে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে ম্যাচ হেরেছিল, সেটা বের করতে রীতিমতো পরিসংখ্যান ঘাটতে হল। সেই ২০১১ সালের মার্চ থেকে শুরু করে আগস্ট পর্যন্ত টানা সাতটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এরপর গত প্রায় আড়াই বছরে এমন হতাশার সময় আর আসেনি বাংলাদেশ ক্রিকেটে। অথচ সেই প্রায় ‘হারিয়ে যাওয়া’ এক ঘটনার মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশ। টানা হারের বোঝা নিয়ে ক্লান্ত দলটিকে আজ তাই শেষ দিনের ‘অর্থহীন’ ম্যাচের দিকেই চোখ রাখতে হচ্ছে। আজ বাংলাদেশের সম্বল হতে পারে কেবল সান্ত্বনার জয়। আর এই জয়ের খোঁজে আজ দুপুর দুইটা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের বিচারে ম্যাচটি অর্থহীন। কারণ, এরই মধ্যে ফাইনালের লাইন আপ নিশ্চিত হয়ে গেছে। আগামী শনিবার টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। আজকের ম্যাচ তাই লঙ্কানদের জন্য স্রেফ একটা অনুশীলন। বাংলাদেশ দল অবস্থান করছে ঠিক এর বিপরীতে। কাকতালীয় বলা হোক, কিংবা ভাগ্যের লিখন বলা হোক, এই শ্রীলঙ্কার বিপক্ষেই শুরু হয়েছিল বাংলাদেশের এই টানা হারের শুরুটা। বাংলাদেশে প্রায় দেড় মাস ধরে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইট ওয়াশ দিয়ে শুরু, চলেছে এই এশিয়া কাপের প্রথম তিন ম্যাচেও। এই সময়টার মধ্যে ঝড় গেছে বাংলাদেশের ক্রিকেটেও। নির্বাচক-অধিনায়কের সম্পর্কে টানাপোড়েন, খেলোয়াড়দের শরীরিভাষা নিয়ে বোর্ডে অসন্তোষ—মাঠের বাইরে আলোচিত ঘটনাগুলোর সাথেও ক্রমাগত লড়াই করে যেতে হয়েছে মুশফিকুর রহিমের দলকে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সব হতাশা মুছে ফেলার দারুণ এক সুযোগ ছিল। দলে আনা হল পাঁচটি পরিবর্তন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩২৬ রান তুলে জয়ের দিকেই হাঁটছিল স্বাগতিকরা। তারপরও অধরাই থাকলো জয়। সব এলোমেলো করে দিলো শহীদ খান আফ্রিদির এক অতিমানবীয় ইনিংস। আজ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দু:স্বপ্ন মুছে ফেলার মিশনটা সহজ হচ্ছে না সেটা সহজেই অনুমান করা যায়। এশিয়া কাপে টানা তিনটি ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে লঙ্কান বাহিনী। আর টানা দেড় মাস বাংলাদেশে থাকার অভিজ্ঞতাটাও ভালই কাজে দিচ্ছে সফরকারীদের। নির্ভার থাকা শ্রীলঙ্কা আজ বিশ্রাম দিতে পারে পেসার লাসিথ মালিঙ্গাকে। তার জায়গায় খেলতে পারেন ধাম্মিকা প্রসাদ। আর চতুরঙ্গ ডি সিলভার জায়গায় দলে ফিরতে পারেন সচিত্র সেনানায়েকে। গত এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কা। লঙ্কান দলটিকে হারিয়েই সেবার ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা। আর কোন ম্যাচ না জিতেই দেশে ফিরতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ভাগ্যের রং বদলে আজ ঠিক ভিন্নরূপে অবস্থান করছে দুদল!