অর্থনৈতিক মূলধারায় নারীকে সম্পৃক্ত করতে হবে
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২৩:১১
অর্থনৈতিক মূলধারায় নারীকে সম্পৃক্ত করা না গেলে নারীর উন্নয়ন ও দেশের উন্নয়ন সম্ভব নয়। আর নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে রাজনীতির মূলধারায় নারী নেতৃত্ব প্রয়োজন। সেইসঙ্গে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান নিশ্চিত করতে প্রয়োজন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। এজন্য কন্যা শিশুর উপযুক্ত শিক্ষা, শিক্ষা থেকে নারীর ঝরে পড়া রোধ করতে হবে। এ বিষয়ে পুরুষকে এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক মূল ধারায় নারীকে সম্পৃক্ত করতে হবে।
গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ‘বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকেএআইডি যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার শ্লোগান ছিল ‘নারীর জয়ে সবার জয়’।
আলোচনা সভার ‘ভবিষ্যতের দিকনির্দেশনা’ পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুল মইন খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
ড. মশিউর রহমান বলেন, গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতে নারীর অবদান ভেবে দেখা উচিত। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় প্রধান নারী, স্পিকার নারী। এগুলো নিয়ে সমালোচনার কোনো অর্থ নেই। দেশে কয়েক দফা গণতন্ত্র এসব নারী নেত্রীদের হাত ধরেই ফিরে এসেছে।
মেহের আফরোজ চুমকি বলেন, নারীর প্রতি সহিংসতা সর্বত্র চলছে। এর অবসান করতে হলে অবশ্যই পুরুষের মনোভাব পরিবর্তন করতে হবে। ধর্মের অপ-ব্যাখ্যা দিয়েও নারীকে পিছনে ঠেলে দেয়া হয় বলে মন্তব্য করেন তিনি।
ডা. দীপু মনি বলেন, রাজনীতির ক্ষেত্রে নারী বড় সমস্যা হচ্ছে, সে যদি ভদ্র হয় তাহলে তাকে দুর্বল ভাবা হয়; আর যদি সেই নারী সাহসী হয় তো তাকে অভদ্র বলা হয়।
আলোচনা সভার ‘সাফল্য ও পরামর্শ’ পর্বে নিজেদের রাজনৈতিক আদর্শ, পরিবারের বাধা, বর্তমান সাফল্য ও নারীর ক্ষমতায়নে নিজেদের সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চেয়ারম্যান মাহফুজা বেগম।